ফল প্রকাশের এক মাস পর ‘জালিয়াতি’র অভিযোগ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশের প্রায় দেড় মাস পর ‘জালিয়াতি’ ও ‘অনিয়মের’ অভিযোগ উঠেছে। খোদ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ইঙ্গিত দিয়েছেন যে, তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা মিললে পুরো পরীক্ষা বাতিল করে পুনরায় আয়োজন করা হতে পারে। নিয়োগের চূড়ান্ত ধাপে এসে এমন অনিশ্চয়তার মুখে পড়েছেন পরীক্ষায় উত্তীর্ণ ১৪ হাজারেরও বেশি প্রার্থী, যারা বর্তমানে মৌখিক পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। ফল প্রকাশের এত দীর্ঘ সময় পর কেন অনিয়মের অভিযোগ সামনে এলো, সেই প্রশ্নও তুলছেন তারা।
অন্যদিকে, এই বৃহৎ নিয়োগ কার্যক্রমের দায়িত্বে থাকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-ও বিষয়টি নিয়ে নীরব রয়েছে। ফল প্রকাশের পর থেকে মৌখিক পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা দেয়নি সংস্থাটি। এছাড়া, বর্তমানে এনটিআরসিএ-তে নিয়মিত চেয়ারম্যান না থাকায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারছেন না কর্মকর্তারা। একই সঙ্গে পরীক্ষায় কী ধরনের অনিয়ম বা জালিয়াতির অভিযোগ উঠেছে, অভিযোগের ভিত্তি কী এবং তদন্ত কত দূর এগিয়েছে— এসব গুরুত্বপূর্ণ প্রশ্নেরও সুনির্দিষ্ট উত্তর মিলছে না। ফলে নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ ক্রমেই বাড়ছে।
স্বাধীনতার পর দীর্ঘ পাঁচ দশক ধরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ দেওয়া হতো। এতে প্রায়ই স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠত। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রথমবারের মতো এই নিয়োগ প্রক্রিয়াকে এনটিআরসিএ-র অধীনে এনে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে সরকার
জানা গেছে, দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগে কেন্দ্রীয় পরীক্ষা চালুর উদ্যোগটি ছিল শিক্ষা খাতে একটি বড় নীতিগত পরিবর্তন। স্বাধীনতার পর থেকে পাঁচ দশকেরও বেশি সময় ধরে এসব পদে নিয়োগ দিয়ে আসছিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি বা গভর্নিং বডি। ফলে বিভিন্ন সময়ে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব, আর্থিক লেনদেন এবং যোগ্যতার পরিবর্তে পছন্দের প্রার্থী নিয়োগের অভিযোগ উঠেছে। বিশেষ করে প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সুপার নিয়োগকে কেন্দ্র করে অসংখ্য অভিযোগ আদালত পর্যন্ত গড়িয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এমপিওভুক্ত শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে অনেক আগেই এনটিআরসিএর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিবন্ধন পরীক্ষা ও গণবিজ্ঞপ্তিভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালু করা হয়। বর্তমানে শিক্ষক নিয়োগের প্রায় পুরো প্রক্রিয়াই কেন্দ্রীয়ভাবে সম্পন্ন হলেও প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের ক্ষমতা পরিচালনা কমিটির হাতেই ছিল। ফলে নিয়োগ ব্যবস্থায় একটি দ্বৈত কাঠামো তৈরি হয়েছিল, যা অনেক ক্ষেত্রে জবাবদিহিতা ও পেশাদারিত্বের পথে বাধা হয়ে দাঁড়ায়।
এ পরিস্থিতিতে প্রথমবারের মতো প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগকে এনটিআরসিএর আওতায় আনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্টদের আশা ছিল, এর মাধ্যমে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব নির্বাচন ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ায় অধিক স্বচ্ছতা নিশ্চিত হবে।






আপনার মতামত লিখুন