জন্মদিনের কেক কেটেই মাঠে নেমে ব্যাট হাতে জ্বলে উঠলেন মুশফিক
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে ছিল ভিন্ন এক আবহ। আজ ৩৯ বছরে পা দিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সতীর্থদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন টাইগার এই তারকা। হঠাৎ এমন আয়োজন পেয়ে কিছুটা বিস্মিতও দেখা যায় তাকে।
জন্মদিনের আনন্দ মাঠেও ছড়িয়ে দেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিক। দ্বিতীয় দিনের শুরু থেকেই ধৈর্যশীল ও দায়িত্বশীল ব্যাটিং করেন তিনি। প্রথম দিন ৪৮ রানে অপরাজিত থাকা এই উইকেটরক্ষক ব্যাটার ফিফটি পূরণ করেন ১১৪ বলে। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের ২৯তম অর্ধশতক।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০১ রান করে ফেরার পর দলের হাল ধরেন মুশফিক। চতুর্থ উইকেটে মুমিনুল হকের সঙ্গে গড়েন ৭৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। দারুণ খেলতে থাকা মুমিনুল ৯১ রানে আউট হয়ে শতকের আক্ষেপে পুড়লেও এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে ইনিংস সামলে নেন মুশফিক।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩০১ রান। দ্বিতীয় দিনের এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ৩৫৪ রান। ১৫৭ বলে ৮টি চারে ৬৬ রানে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম।






আপনার মতামত লিখুন