আকস্মিক এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষামন্ত্রীর পরিদর্শন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে হঠাৎ পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তার এ আকস্মিক সফরে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা চাঞ্চল্য তৈরি হলেও সামগ্রিকভাবে পরীক্ষার পরিবেশ সন্তোষজনক পাওয়া গেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার শৃঙ্খলা, পরিবেশ ও নকলমুক্ত অবস্থা সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার নির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সিংগাইর উপজেলার ৬টি কেন্দ্রে মোট ২ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।






আপনার মতামত লিখুন