দেশকে সংকটে ফেলেছে বিএনপি: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান জাতীয় সংকটের জন্য দায়ী বিএনপি। তিনি বলেন, এই পরিস্থিতির দায়ভার বিএনপিকেই নিতে হবে এবং এর পরিণতিও তাদের ভোগ করতে হবে।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক সেমিনারে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি। ১১ দলীয় জোট এ সেমিনারের আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, দেশে বর্তমানে নানা সংকট বিরাজ করছে। হাম রোগে শিশুমৃত্যু, স্বাস্থ্যসেবার সংকট, আইসিইউ সংকট এবং জ্বালানি সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কারের যে দাবি তোলা হয়েছিল, তা এখনও বাস্তবায়িত হয়নি। বরং একই বিষয় নিয়ে আবারও আলোচনা ও আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল স্বৈরাচারী ব্যবস্থার অবসান এবং একটি টেকসই রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করা। কিন্তু গণভোটের পর সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, গণভোটের রায় উপেক্ষা করা হয়েছে এবং বর্তমানে একটি কৃত্রিম রাজনৈতিক সংকট তৈরি করা হচ্ছে।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।






আপনার মতামত লিখুন