আমি নিজেও গুমের শিকার বলেছেনঃ স্বরাষ্ট্রমন্ত্রী
নিজেকে গুমের শিকার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গুম সংক্রান্ত কমিশনকে এমনভাবে গঠন করা হবে, যাতে ভুক্তভোগীরা প্রকৃত ন্যায়বিচার পান।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ—বিশেষ করে জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত বিধানগুলো আরও গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন। তিনি জানান, এসব আইন হুবহু পাস করলেই তা নিখুঁত হবে না; বরং প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে সঠিক কাঠামো নিশ্চিত করতে হবে।
গুম কমিশনের প্রসঙ্গে তিনি বলেন, কমিশনকে এমন ক্ষমতা দেওয়া হচ্ছে, যাতে কোনো ভুক্তভোগী আবারও অবিচারের শিকার না হন। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি নিজেও গুমের শিকার,” তাই এই বিষয়ে কার্যকর আইন প্রণয়নের গুরুত্ব তিনি ভালোভাবেই বোঝেন।
বিরোধী দলের সমালোচনা করে মন্ত্রী বলেন, তারা সংসদে একাধিকবার ওয়াকআউট করেছেন, যা তাদের অধিকার হলেও নির্দিষ্ট কিছু ইস্যুতে তাদের অবস্থান সঠিক ছিল না। তিনি অভিযোগ করেন, সংসদের বাইরে গিয়ে তারা ভুল তথ্য প্রচার করেছেন।
তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি অপরিবর্তিতভাবে আইনে রূপান্তর করা হয়েছে। এছাড়া ১৩টি সংশোধনসহ পাস হয়েছে এবং ৭টি বাতিল বা সংরক্ষণ করা হয়েছে। বাকি ১৬টি অধ্যাদেশ আরও যাচাই-বাছাইয়ের জন্য রাখা হয়েছে।
মন্ত্রী বলেন, গুম, মানবাধিকার এবং বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট আইনগুলো নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও উন্নত আইন প্রণয়ন করা হবে। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে কিছু অধ্যাদেশ তড়িঘড়ি করে জারি করা হয়েছিল, যা এখন পুনর্বিবেচনা করা হচ্ছে।






আপনার মতামত লিখুন