শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার নিষিদ্ধে ব্যবস্থা নেবে সরকার: রেল প্রতিমন্ত্রী
শিক্ষাঙ্গনে সুস্থ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, ভবিষ্যতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার বা ফেস্টুন টানানো রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ তৈরি করা সরকারের অগ্রাধিকার। তারা যেন স্বাচ্ছন্দ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে, সে লক্ষ্যে যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেশকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তারেক রহমান-এর নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক পোস্টার-ব্যানার অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যেন কোনোভাবেই রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে, সে বিষয়ে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।
এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশকে আরও শক্তিশালী ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।






আপনার মতামত লিখুন