যুদ্ধবিরতির পরও জ্বালানি সংকটের শঙ্কা থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে সংঘাত সাময়িকভাবে কমলেও বৈশ্বিক জ্বালানি সংকট দ্রুত কাটবে না বলে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই পরিস্থিতি মোকাবিলায় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে (আইওসি) বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে ভারত মহাসাগরীয় অঞ্চল নানা চ্যালেঞ্জের মুখোমুখি, যার মধ্যে জ্বালানি সংকট অন্যতম। এটি শুধু অর্থনীতিই নয়, সামাজিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করছে।
তিনি জোর দিয়ে বলেন, এ সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বাড়ানো জরুরি। এক দেশের সমস্যা অন্য দেশের ওপরও প্রভাব ফেলে—এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সম্মিলিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন করে চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং উন্নয়ন অগ্রগতিকে ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ।
এ সময় তিনি উল্লেখ করেন, তারেক রহমান ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত সম্প্রসারণ এবং বাংলাদেশকে একটি বৈশ্বিক ‘সুপার সোর্সিং হাব’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় দেশের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আধুনিক প্রযুক্তি—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা—বর্তমানে উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠেছে। তাই তরুণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনী উদ্যোগ জোরদার করা প্রয়োজন।
তিনি আন্তঃদেশীয় সহযোগিতা শক্তিশালী করা এবং বিদ্যমান কাঠামো পুনর্মূল্যায়নের ওপরও গুরুত্বারোপ করেন।






আপনার মতামত লিখুন