ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব: আরও ৩ শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে, হাম আইসোলেশন ওয়ার্ডে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ শিশু ভর্তি হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত শিশুরা হলোঃ নেত্রকোনা সদরের ইলিয়াস হোসেনের মেয়ে আদিবা (৩),ময়মনসিংহ সদরের রনি মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩), ত্রিশাল উপজেলার রাসেলের ছেলে আশরাফ (৮)।
সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালটিতে হাম ও হামের লক্ষণ নিয়ে ৭৬ শিশুর চিকিৎসা চলছে। ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত ৩২৪ শিশুর মধ্যে ২৩৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
মহামারির দ্রুত বৃদ্ধির কারণে হাসপাতাল পরিচালনা করেছে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড, যেখানে তিনটি মেডিকেল টিম রোগীদের চিকিৎসা করছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পরীক্ষায় ৭০ জন শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানিয়েছেন, ২৪ ঘণ্টায় নতুন ২৬টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা অব্যাহত রয়েছে।






আপনার মতামত লিখুন