বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সংসদে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়ার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনের সকালের সেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বেসরকারি কলেজের সরকারিকরণ বা জাতীয়করণ কার্যক্রম পরিচালিত হয়। জাতীয়করণ করা কলেজগুলোর শিক্ষক-কর্মচারীদের চাকরির শর্তাবলী যথাযথ পর্যালোচনা ও প্রযোজ্য বিধি অনুসারে নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ একটি দীর্ঘমেয়াদি ও নীতিনির্ধারণী বিষয়, যা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের একক এখতিয়ার নয়। এটি সরকারের আর্থিক সক্ষমতা, বিদ্যমান নীতিমালা ও জাতীয় বাজেটের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
শিক্ষামন্ত্রী দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিসংখ্যান তুলে ধরেন:
- স্কুল: ১৮,৫৭৮টি, শিক্ষক ২,৬৫,৬৭৮ জন, কর্মচারী ৯৬,৮৯২ জন
- স্কুল ও কলেজ: ১,৪৯৩টি, শিক্ষক ৫৯,৭৯৭ জন, কর্মচারী ২০,৭৮২ জন
- কলেজ: ২,৭৩৮টি, শিক্ষক ৮৬,৬৪৬ জন, কর্মচারী ৩১,৯৫৬ জন
- মাদ্রাসা: ৯,২৯৩টি, শিক্ষক ১,৬৪,৩৭১ জন, কর্মচারী ৪৫,৫২৪ জন
- কারিগরি ও ভোকেশনাল প্রতিষ্ঠান: ২,০২৭টি, শিক্ষক ২২,৫০২ জন, কর্মচারী ১১,৫৪৫ জন
শেষে শিক্ষামন্ত্রী পুনর্ব্যক্ত করেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






আপনার মতামত লিখুন