ট্রাম্পের হুমকির কড়া জবাব দিল ইরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে’—এমন বক্তব্যকে সরাসরি অজ্ঞতা বলে মন্তব্য করেছে ইরান সরকার।
দেশটির মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, একটি সভ্যতাকে ধ্বংসের হুমকি দেওয়া আসলে সেই জাতির ইতিহাস সম্পর্কে অজ্ঞতারই বহিঃপ্রকাশ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এ ধরনের বক্তব্য কখনোই আলোচনার পরিবেশ তৈরি করতে পারে না।
তিনি আরও বলেন, পারস্পরিক সম্মান ছাড়া কোনো সংলাপ সম্ভব নয়। হুমকি, অবমাননা বা সংকীর্ণ মনোভাব কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তোলে। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান বহু সংকট অতিক্রম করে টিকে থাকা একটি জাতি, তাই এমন হুমকিতে দেশটির জনগণ বিচলিত হবে না।
এদিকে, সম্ভাব্য সংলাপ নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, এ বিষয়ে শিগগিরই নতুন কিছু জানা যেতে পারে।
উল্লেখ্য, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, “আজ রাতেই একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে”—যা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।






আপনার মতামত লিখুন