চাটুকারদের নিয়ে তামিমকে সতর্ক করলেন ইমরুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটির সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন ইমরুল কায়েস।
মঙ্গলবার (৭ এপ্রিল) ফেসবুকে তিনি লিখেছেন, “দোস্ত, আশেপাশের চাটুকার মানুষের থেকে সাবধানে থাকিস।” নেটিজেনরা তার পোস্টে নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেন, “আপনিও তাদের মধ্যে একজন।” ইমরুল রিপ্লাই দেন, “আমার কাউকে তোষামোদ করার প্রয়োজন নেই। আমি এখন বাংলাদেশ ক্রিকেটের অংশ নই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোভাবে আমার দেখাশোনা করছেন।”
জাতীয় ক্রীড়া পরিষদ সম্প্রতি বিসিবির বর্তমান কমিটি ভেঙে দিয়ে তামিমের নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করেছে। এই কমিটি তিন মাস দায়িত্ব পালন করবে। নতুন কমিটিতে তামিমের পাশাপাশি আছেন আতহার আলী খান, মিনহাজুল আবেদীন, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।






আপনার মতামত লিখুন