ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ: ১০ কিলোমিটার দীর্ঘ যানজট
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বকেয়া বেতন ও ভাতা পরিশোধ এবং পুনরায় কাজে ফেরার দাবিতে নাসা গ্রুপের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে পদুয়ার বাজার এলাকায় শ্রমিকেরা অবস্থান নিয়ে বকেয়া বেতন ও অন্যান্য দাবিতে আন্দোলন শুরু করেন।
শ্রমিকদের অভিযোগ, গত বছরের এপ্রিল থেকে নাসা স্পিনিং লিমিটেড, নাসা স্পিনারসসহ নাসা গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে উৎপাদন কমাতে থাকে। সেপ্টেম্বরে প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হলেও অনেক শ্রমিকের কয়েক মাসের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ হয়নি। নতুন নোটিশেও কোনো স্পষ্ট সময়সীমা বা সিদ্ধান্ত উল্লেখ করা হয়নি, যা শ্রমিকদের ক্ষুব্ধ করেছে।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা জানান, তারা হয় কাজে ফিরে যেতে চান, নয়তো বকেয়া বেতন-ভাতা পাওয়াই তাদের একমাত্র দাবি। নারী শ্রমিক তানজিলা আকতার বলেন, “আমাদের বেতন দিতে হবে, না হলে পোলা-মাইয়া খালি রইছে। নাসা গ্রুপের মালিক আসুক, সমাধান করুক।” আরেক শ্রমিক জুয়েল রানা বলেন, “ঘর ভাড়া দিতে পারছি না, অনেক দিন চুলায় আগুন জ্বলে না। পাওনা ছাড়া ঘরে ফিরব না।”
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, সকাল থেকে শ্রমিকরা আন্দোলন করছেন। কারখানা ও ইপিজেড কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।
নাসা গ্রুপের নির্বাহী পরিচালক মেজর আব্দুল হাফিজ শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ জানান এবং জানান, কোম্পানি চ্যালেঞ্জের মধ্যে থাকলেও সমস্যা সমাধানে কাজ চলছে। ইপিজেড ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহবুব বলেন, ইতোমধ্যেই মালিক পক্ষের সঙ্গে কথা বলে প্রায় ২৫ শতাংশ শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে আদালতের মাধ্যমে অবশিষ্ট পাওনা পরিশোধ করা হবে।






আপনার মতামত লিখুন