সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, দুপুরে আদালতে তোলা হবে
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে রংপুরের একটি হত্যা মামলাও অন্তর্ভুক্ত। রাজধানীর উত্তরা ও বনানী থানায় দায়ের করা মামলাগুলোর যেকোনো একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, তাকে আজ আদালতে তোলা হতে পারে। তবে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী এবং পরবর্তীতে টানা দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনের পরও তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।






আপনার মতামত লিখুন