আড়ালে থাকলেও মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ ও অক্ষত আছেন
ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস হতে চললেও এখনও জনসমক্ষে দেখা যায়নি মোজতবা খামেনি-কে। এতে তাকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে—তিনি কোথায় আছেন বা আদৌ সুস্থ আছেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়। সেই ঘটনায় অল্পের জন্য বেঁচে যান তার ছেলে মোজতবা খামেনি, যিনি পরে দেশের নতুন নেতৃত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি সরাসরি জনসমক্ষে না এসে বিভিন্ন বিবৃতি দিয়েছেন, যা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে প্রচার করা হয়েছে।
এ পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মোজতবা খামেনি সুস্থ আছেন এবং বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তার জনসমক্ষে না আসা অস্বাভাবিক কিছু নয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, নিরাপত্তাজনিত কারণে তিনি প্রকাশ্যে আসছেন না।
অন্যদিকে, ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এলেক্সাই দেদভ-ও জানিয়েছেন, মোজতবা খামেনি ইরানেই অবস্থান করছেন, তবে নিরাপত্তার কারণে জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন।
বর্তমান পরিস্থিতিতে তার অনুপস্থিতি যুদ্ধকালীন বাস্তবতার অংশ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।






আপনার মতামত লিখুন