ঈদুল ফিতর উপলক্ষে দেশে টানা ৭ দিনের ছুটি শুরু, ঘরমুখো মানুষের ঢল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে শুরু হয়েছে টানা সাত দিনের ছুটি। মঙ্গলবার (১৭ মার্চ) শবে কদরের সরকারি সরকারি ছুটির মধ্য দিয়ে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।
সোমবার (১৬ মার্চ) ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। অফিস শেষ হওয়ার পর থেকেই রাজধানীসহ বিভিন্ন শহরের সড়ক ও বাসস্ট্যান্ডে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হাজারো মানুষ ঢাকা ছাড়ছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এই সম্ভাব্য তারিখকে সামনে রেখে আগেই পাঁচ দিনের ছুটির সূচি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
নির্ধারিত সূচি অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি রাখা হয়। এর মধ্যে ঈদের দিন ২১ মার্চ সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্ত ১৮ মার্চও ছুটি ঘোষণা করে সরকার। ফলে ১৭ মার্চের শবে কদরের ছুটিসহ সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।
এর আগে, ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ১৮ মার্চ ছুটি দেওয়ার দাবি ওঠে। পরে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রজ্ঞাপন জারি করে দিনটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
তবে জরুরি সেবাসমূহ এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিযোগাযোগ, ডাক বিভাগসহ সংশ্লিষ্ট কর্মীরা দায়িত্ব পালন করবেন। এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনও স্বাভাবিক থাকবে।






আপনার মতামত লিখুন