সরিষাবাড়ীতে শিশুর টিপসইয়ে ভিজিএফ চাল উত্তোলনের অভিযোগ
পবিত্র ঈদুল ফিতরের আগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে সরকারের ভিজিএফ (ভিজিডি) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ) অভিযোগ পাওয়া যায়, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী লিটন মিয়া স্থানীয় শিশুর টিপসই নিয়ে মাস্টার রোলে স্বাক্ষরের পরিবর্তে চাল উত্তোলনের ব্যবস্থা করেছেন।
উপজেলা পিআইও অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য সরিষাবাড়ীর ৮টি ইউনিয়নের ৩৭,৬০৭টি পরিবারের মধ্যে পরিবারপ্রতি ১০ কেজি করে মোট ৩৭৬.০৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ডোয়াইল ইউনিয়নে রোববার বিকেলে এক নারী ও আনুমানিক সাত বছরের কন্যাশিশু চাল উত্তোলনের জন্য আসেন। অভিযোগ অনুযায়ী, শিশুর টিপসই গ্রহণ করে হিসাব সহকারী লিটন মিয়া চাল বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান এবং ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল লতিফ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকৃত কার্ডধারীর পরিবর্তে শিশুর মাধ্যমে চাল উত্তোলনের ঘটনা স্থানীয়দের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে।
স্থানীয়দের অভিযোগ, একই ধরনের অনিয়ম জেলার অন্যান্য ইউনিয়ন ও একটি পৌরসভাতেও ঘটেছে। মাস্টার রোলে উল্লেখিত নাম-ঠিকানার সঙ্গে টিপসই বা স্বাক্ষরের মিল না থাকার কারণে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। সরকারি নীতিমালা অনুযায়ী, ভিজিএফ চাল উত্তোলনের ক্ষেত্রে কার্ডধারী বা পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্য উপস্থিত থাকা বাধ্যতামূলক। শিশুদের মাধ্যমে টিপসই গ্রহণ কোনো প্রশাসনিকভাবে বৈধ নয়।
ডোয়াইল ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল লতিফ সাংবাদিকদের বলেন, “সরকারি মাস্টার রোলে শিশুর টিপসই গ্রহণ করা ঠিক হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা প্রয়োজন।”
প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন বলেন, “শিশুরা হয়তো অভিভাবকরা আসতে না পারায় পাঠানো হয়েছে, এ দোষের কিছু মনে করছি না।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল জানান, “শিশুর টিপসই নিয়ে চাল উত্তোলনের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিজা রিছিল বলেন, “শিশুদের এনআইডি কার্ড নেই, তাই তাদের মাধ্যমে টিপসই নিয়ে চাল বিতরণ হয়েছে কি না তা তদন্ত করে দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”






আপনার মতামত লিখুন