দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়ানোর পরিকল্পনাও নেই: সেতুমন্ত্রী
দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং নিকট ভবিষ্যতে তেলের দাম বাড়ানোর পরিকল্পনাও সরকারের নেই বলে জানিয়েছেন শেখ রবিউল আলম।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন এবং নারীদের জন্য নতুন একটি শৌচাগার উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, গত রাত থেকেই দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। ফলে কোথাও কোনো সংকট নেই এবং তেলের দাম বাড়ানোর কোনো প্রয়োজনও নেই।
তিনি আরও বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, অনেক জায়গায় নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়ার খবর পাওয়া গেছে এবং এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এ ছাড়া তিনি সতর্ক করে বলেন, ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে চলতে দেওয়া হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট গাড়ি ও মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






আপনার মতামত লিখুন