ইরানের ড্রোন হামলায় ইসরায়েলের পুলিশ ও স্যাটেলাইট কেন্দ্র লক্ষ্য, শতাধিক আহত
ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। রোববার (১৫ মার্চ) সকালের দিকে এই হামলা চালানো হয়েছে বলে দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর সদস্যরা বিশেষ পুলিশ ইউনিট ‘লাহাভ ৪৩৩’ এবং প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ‘জিলাত’ লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা পরিচালনা করেছেন। তবে হামলার সুনির্দিষ্ট অবস্থান ও ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, ১০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যদিও আহত হওয়ার সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। আহতদের মধ্যে অনেকে সরাসরি ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র বা লেবানন থেকে আসা রকেটের আঘাতে আহত হয়েছেন। এছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়িতেও অনেকে আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মোট ৩,১৯৫ জন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ৮১ জন এখনও চিকিৎসাধীন।
এ ঘটনার পর ইরান-ইসরায়েল সংঘাতের তীব্রতা বেড়েছে এবং মধ্যপ্রাচ্য নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।






আপনার মতামত লিখুন