ইমাম–মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
তারেক রহমান শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান জানান, একই অনুষ্ঠানে খাদেম, পুরোহিত, সেবায়েত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমও উদ্বোধন করা হবে।
জানা গেছে, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম পাবেন ২ হাজার টাকা।
এছাড়া প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ অর্থের মধ্যে পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবায়েত পাবেন ৩ হাজার টাকা।
প্রতিটি বৌদ্ধ বিহারের জন্যও ৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে বিহার অধ্যক্ষ পাবেন ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ পাবেন ৩ হাজার টাকা।
এছাড়া প্রতিটি খ্রিস্টান চার্চের জন্যও ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ অর্থের মধ্যে পালক বা যাজক পাবেন ৫ হাজার টাকা এবং সহকারী পালক বা যাজক পাবেন ৩ হাজার টাকা।
সরকারি এ উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।






আপনার মতামত লিখুন