স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি হিসেবে সংখ্যা গরিষ্ঠ দল বিএনপির সংসদীয় দল বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টায় বৈঠকে বসেছে। বৈঠকটি সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সংসদীয় সভাকক্ষে অনুষ্ঠিত হচ্ছে এবং এতে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করছেন।
বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রার্থী চূড়ান্ত করা হবে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া বিভিন্ন অধ্যাদেশ উপস্থাপন এবং শোক প্রস্তাব উত্থাপন করা হবে।
এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।
সংসদ সচিবালয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সংসদ কক্ষ, স্পিকার ও ডেপুটি স্পিকারের কক্ষ, সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার কক্ষ ঠিক করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে জাতীয় সংসদ ভবন আক্রমণের কারণে সংস্কারের কাজ করা হয়েছিল।






আপনার মতামত লিখুন