শারজাহ ও আবুধাবি রুটে ফের ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
ইরানে মার্কিন-ইসরায়েল হামলা ও পাল্টা হামলার কারণে বন্ধ হয়ে যাওয়া আকাশপথ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আবারও শারজাহ ও আবুধাবি রুটে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ মার্চ থেকে সপ্তাহে চার দিন (শুক্রবার, রোববার, মঙ্গলবার ও বুধবার) ঢাকা-শারজাহ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া ১৪ মার্চ থেকে সপ্তাহে তিন দিন (শনিবার, সোমবার ও বৃহস্পতিবার) ঢাকা-আবুধাবি রুটে ফ্লাইট চালু হবে। একই সঙ্গে প্রতি সোমবার চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।
সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে শারজাহর উদ্দেশ্যে রাত ৮টা ৪৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাবে এবং শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ফ্লাইট ছাড়বে।
অন্যদিকে ঢাকা থেকে শনিবার ও বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে এবং সোমবার ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। চট্টগ্রাম থেকে সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে আবুধাবির উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। আবুধাবি থেকে ঢাকার উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইট ছাড়বে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, তাদের বহরে বর্তমানে ৪৩৬ আসনের তিনটি এয়ারবাস A330-300 এবং ১৮৯ আসনের নয়টি বোয়িং 737-800সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে। শারজাহ ও আবুধাবি রুটে বোয়িং 737-800 দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে।
এছাড়া প্রতিদিন ঢাকা-দুবাই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ গন্তব্য জেদ্দা, রিয়াদ ও মাস্কাট রুটেও ফ্লাইট চলছে। খুব শিগগিরই ঢাকা-দোহা রুটে আবার ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।






আপনার মতামত লিখুন