ইরানের সরকারপতন দেশটির জনগণের ওপর নির্ভর করছে: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সরকারপতনের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে দেশটির জনগণের ওপর। একই সঙ্গে তিনি বলেন, ইসরায়েলের কাজ হলো ইরানের জনগণকে সেই পরিবর্তনের জন্য উৎসাহিত করা।
সোমবার ইরানের নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে ইসরায়েলের একটি জাতীয় স্বাস্থ্য জরুরি কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নেতানিয়াহু বলেন, “আমাদের আকাঙ্ক্ষা হলো ইরানের সাধারণ জনগণকে স্বৈরাচারের জোয়াল থেকে মুক্ত হওয়ার জন্য উৎসাহিত করা। সরকারপতনের মূল বিষয়টি সম্পূর্ণভাবে ইরানের জনগণের ওপর নির্ভর করছে।”
তিনি আরও দাবি করেন, গত ১০ দিনে ইরানের ক্ষমতাসীন সরকারকে বড় ধরনের আঘাত করা হয়েছে। তার ভাষায়, “যদি ইরানের জনগণ সরকার পরিবর্তন করতে সক্ষম হয়, তাহলে সেই সাফল্যে আমরাও অংশীদার হবো। এতে ইসরায়েলের জন্য একটি বড় পরিবর্তন আসবে এবং স্থায়ী নিরাপত্তা হুমকি কমে যাবে।”
এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা হয়। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই সংলাপ শেষ হয়। পরদিন যুক্তরাষ্ট্র ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।
যুদ্ধের প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির অন্তত ৪০ জন সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তা।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রায় ১ হাজার ৩০০ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল






আপনার মতামত লিখুন