ইরানি ক্ষেপণাস্ত্রে নেতানিয়াহু নিহতের দাবি
তবে কোনো নিশ্চিত প্রমাণ নেই
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন— এমন দাবি করেছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এই দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে মূলত সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের নামে একটি এক্স পোস্টের উল্লেখ করা হয়েছে। ওই পোস্টে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং সেখানে উপস্থিত বেন-গিভর আহত হন।
তবে যে এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে সেটি সত্যিই স্কট রিটার পরিচালনা করেন কি না— তা এখনো নিশ্চিত নয়। ফলে তথ্যটির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
ফার্সি ভাষার ওই প্রতিবেদনে হামলার কোনো ভিডিও, ছবি বা আনুষ্ঠানিক তথ্য উপস্থাপন করা হয়নি। বরং নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও বার্তা না থাকা, তার বাসভবনের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ার খবর, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সফর স্থগিত হওয়া এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সঙ্গে কথিত ফোনালাপের মতো কিছু পরিস্থিতিগত বিষয় উল্লেখ করা হয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। দপ্তরের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতি প্রকাশ করা হয়েছিল ৭ মার্চ।
উল্লেখ্য, এর আগেও ইরানের কিছু সংবাদমাধ্যম নেতানিয়াহুর নিহত হওয়ার দাবি করেছিল। তবে পরে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া-সহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এসব তথ্যকে গুজব বলে উল্লেখ করে।






আপনার মতামত লিখুন