ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত বাংলাদেশিদের মরদেহ ফেরাতে তৎপর সরকার
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানিয়েছেন, ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে সৌদি আরবে ২ জন, বাহরাইনে ১ জন এবং দুবাইয়ে ১ জন মারা গেছেন। এছাড়া, প্রায় ১৪ জন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) দুবাই থেকে নিহত আহমদ আলীর লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের এই সংকট শুরু হওয়ার পর থেকে প্রবাসীদের থাকার ব্যবস্থা ও প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। নিহত প্রবাসীদের পরিবারগুলোর সঙ্গে সরকার যোগাযোগ রাখছে এবং দ্রুততম সময়ের মধ্যে মরদেহগুলো দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
তিনি প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করে বলেন, সংঘাতপূর্ণ অঞ্চল ও হামলার লক্ষ্যবস্তু থেকে দূরে থাকুন, স্থানীয় সতর্কতা ও নির্দেশনা মেনে চলুন, এবং সোশ্যাল মিডিয়ায় কোনো আইনবিরোধী কনটেন্ট প্রচার করবেন না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, বাংলাদেশের কাছে প্রবাসী নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। রিয়াদে আরও দুইজন নিহত হয়েছেন এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এদিকে, আহমদ আলীর মরদেহ আজ সকাল ৮:২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্স EK 582 ফ্লাইটে ঢাকা পৌঁছায়, পরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দাফন করা হবে।






আপনার মতামত লিখুন