তেহরানের তেল ডিপোতে ইসরায়েলি হামলা
আগুনে জ্বলছে রাজধানীর ড্রেন ও সড়ক
ইসরায়েলের সামরিক বাহিনী প্রথমবারের মতো ইরানের রাজধানী তেহরানে অবস্থিত তেলের ডিপো ও পরিশোধনাগারে হামলা চালিয়েছে। এ হামলার পর পুরো রাজধানীজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
হামলায় ক্ষতিগ্রস্ত তেলের ডিপো থেকে ছড়িয়ে পড়া জ্বালানি তেহরানের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কিছু অংশে প্রবেশ করায় শহরের বিভিন্ন সড়কের পাশের ড্রেনগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে। অনেক জায়গায় রাস্তার পাশে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি যেন “আগুনের নদী”তে পরিণত হয়েছে।

ইরানের সংস্কৃতি ও শিল্পবিষয়ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্ট ‘লিভিং ইন তেহরান’-এ প্রকাশিত একটি ভিডিওতেও রাস্তার পাশের ড্রেনজুড়ে আগুন জ্বলতে দেখা গেছে।
এদিকে ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন বলেছেন, ইরানের তেল স্থাপনায় চালানো হামলা যুদ্ধ পরিস্থিতিকে আরও তীব্র করেছে এবং সামনে আরও উত্তেজনা দেখা দিতে পারে। ইসরায়েলের রেডিও ১০৩-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের শাসকগোষ্ঠীকে দুর্বল করতে পারে—এমন সব লক্ষ্যবস্তু তাদের বিবেচনায় রয়েছে।
যুদ্ধের সময়সীমা নিয়ে প্রশ্নের জবাবে কোহেন বলেন, নির্ধারিত লক্ষ্য অর্জনে কত সময় লাগতে পারে সে বিষয়ে তাদের পরিকল্পনা রয়েছে এবং মাঠপর্যায়ে পরিস্থিতির পরিবর্তন ঘটছে।

অন্যদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫৭ জন। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর, ৪২ জন মাঝারি এবং ৭০ জন তুলনামূলকভাবে সামান্য আহত। অনেকেই নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা, এএফপি।






আপনার মতামত লিখুন