বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে অর্ধেক লাইট ও এসি কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার লক্ষ্যে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট এবং শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি একই সঙ্গে সব মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে আসার পর প্রধানমন্ত্রী নিজের কক্ষে ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন এবং এসির মাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে দেন। এতে বিদ্যুৎ খরচ কমবে।
প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভায় বৈঠকে প্রবেশ করেই কক্ষের অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমানোর নির্দেশ দেন। সচিবালয়ের ১ নম্বর ভবনটি প্রধানমন্ত্রীর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়, যেখানে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগ রয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সচিবালয়ের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমিয়ে দেওয়ার উদ্যোগ নেন। পাশাপাশি তিনি সারা দেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল, বিপণিবিতানসহ সকল স্থানে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী আরও পরামর্শ দিয়েছেন, দিনের বেলা লাইট কম ব্যবহার করে অফিস বা বাড়িঘরের জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করা হোক।






আপনার মতামত লিখুন