ইরানের নতুন নেতাকেও হত্যার হুমকি ইসরায়েলের
ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবা খামেনি-কে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। মঙ্গলবার রাতে মোজতাবাকে সর্বোচ্চ নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই এই হুঁশিয়ারি দেওয়া হয়।
বুধবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় কাৎজ বলেন, “যদি ইরানের নতুন নেতা ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনা করেন, যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্বের দেশগুলো এবং আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি সৃষ্টি করেন এবং দেশের জনগণের ওপর দমন-পীড়ন শুরু করেন, তবে তার অবস্থান যেখানেই হোক না কেন, তিনিও আমাদের লক্ষ্যবস্তু হবে।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক অভিযান শুরু করে। সেই অভিযানের প্রথম দিনেই নিহত হন ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ১৯৮৯ সালে ইরানের প্রতিষ্ঠাতা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি-এর উত্তরসূরী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান তৎক্ষণাৎ তিন সদস্যের একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করে। এরপর বুধবার মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। মোজতাবা খামেনি আলী খামেনির দ্বিতীয় সন্তান। সাম্প্রতিক সংঘাতের ৫ দিনের মধ্যে খামেনি পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন, যার মধ্যে আ’লী খামেনি, তার স্ত্রী, কন্যা, জামাতা এবং নাতনি রয়েছেন।
এক্স-বার্তায় কাৎজ আরও বলেন, “অপারেশন ‘রোয়ারিং লায়ন’ শেষ হবে। তবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যকে সুরক্ষা দেওয়ার সংকল্প কখনো শেষ হবে না।”






আপনার মতামত লিখুন