২ ঘণ্টা বন্ধ ঢাবি মেট্রো স্টেশন
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে সাময়িকভাবে বন্ধ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন। এ সময় স্টেশনটিতে যাত্রীদের ওঠানামা সম্পূর্ণভাবে স্থগিত থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সংস্থাটির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি-র অনুরোধের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমি ডিএমটিসিএলের কাছে পাঠানো এক চিঠিতে জানায়, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অনুষ্ঠিত হবে ‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৬’।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে সেদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
ডিএমটিসিএল সূত্র জানায়, নির্ধারিত এই সময়ের মধ্যে স্টেশনটিতে কোনো যাত্রী প্রবেশ বা বের হতে পারবেন না। তবে অন্যান্য স্টেশনে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে।






আপনার মতামত লিখুন