পিলখানার বীরদের রক্ত বৃথা যেতে দেব না: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থান-এ জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০০৯ সালের এই দিনে তৎকালীন বাংলাদেশ রাইফেলস সদর দপ্তরে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ প্রায় ৭২ জন কর্মকর্তা-কর্মচারীকে নির্মমভাবে হত্যা করা হয়। দিনটি জাতির জন্য গভীর বেদনা ও কলঙ্কের স্মারক হিসেবে চিহ্নিত হয়ে আছে।
তিনি আরও বলেন, ওই ঘটনায় দেশের নিরাপত্তা কাঠামোকে দুর্বল করার গভীর ষড়যন্ত্র ছিল। একই সঙ্গে সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টাও চালানো হয়েছিল। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সুযোগ পেয়েছে। পিলখানার এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শেষে তিনি শহীদ সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেন।






আপনার মতামত লিখুন