দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই সরকারের প্রধান অগ্রাধিকারঃ জাহিদ হোসেন
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই সরকারের প্রধান অগ্রাধিকার। কোনো অবস্থাতেই কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নবাবগঞ্জ উপজেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, দখলদারি, জমি দখল, অবৈধভাবে গাছ কাটা বা মাছ নিধনের মতো অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। বিচার কেউ নিজের হাতে তুলে নিতে পারবে না—সব বিচার আদালতের মাধ্যমেই হবে।
তিনি আরও বলেন, আইনের চোখে সবাই সমান। অপরাধী যেই হোক না কেন, কোনো পরিচয় বিবেচনায় না এনে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ক্ষতিগ্রস্ত মানুষ যেন ন্যায়বিচার পায়, সে বিষয়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
স্বাস্থ্যখাতের প্রসঙ্গে মন্ত্রী বলেন, হাসপাতালগুলো সবসময় পরিচ্ছন্ন রাখতে হবে যাতে সাধারণ মানুষ কোনো ধরনের দুর্ভোগে না পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান শূন্য পদ দ্রুত পূরণের বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা চান তিনি।
এলাকায় মাদক ও জুয়ার আসর বন্ধের ওপর জোর দিয়ে তিনি বলেন, বিশেষ করে নদীর চরে রাতের বেলায় যে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, তা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন এ ধরনের অপরাধ থেকে সুবিধা নিতে না পারে, সে ব্যাপারে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।






আপনার মতামত লিখুন