সংবিধান সংস্কার পরিষদে আজ শপথ নিচ্ছে না বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আজ শপথ নিচ্ছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
এদিন জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার কথা ছিল। তবে বিএনপি জানিয়েছে, তারা আপাতত ওই পরিষদের সদস্য হিসেবে শপথে অংশ নিচ্ছে না।
এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক চিঠিতে জানানো হয়, ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে নির্বাচিত এমপি ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।
নির্বাচনের বেসরকারি ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী অর্জন করেছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি, স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন পেয়েছে।
ভোটের হিসেবে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রায় ৪৯.৯৭ শতাংশ ভোট পায়। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত পায় ৩১.৭৬ শতাংশ ভোট। শাপলা কলি প্রতীকে এনসিপি ৩.০৫ শতাংশ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন ২.৭০ শতাংশ এবং রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিস প্রায় ২.০৯ শতাংশ ভোট পায়। অন্যান্য দলগুলোর ভোটহার ১ শতাংশের নিচে রয়েছে।
এ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী অংশ নেন। সরকার গঠন করতে যাওয়া বিএনপি সর্বোচ্চ ২৯১ আসনে প্রার্থী দেয় এবং তাদের কেউ জামানত হারাননি। অন্যদিকে জামায়াত ২২৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, যার মধ্যে তিনজন প্রার্থী জামানত হারান। জাতীয় পার্টি ১৯৮ আসনে লড়লেও মাত্র পাঁচজন প্রার্থী জামানত রক্ষা করতে সক্ষম হন। এনসিপি ৩২ আসনে অংশ নিয়ে তিনজন প্রার্থী জামানত হারায়। এছাড়া অন্যান্য ছোট দলগুলোর বেশিরভাগ প্রার্থী নির্ধারিত ভোটসংখ্যা অর্জন করতে পারেননি।






আপনার মতামত লিখুন