ছোট পরিসরে মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত বিএনপির
নবীন-প্রবীণের সমন্বয়ে আসছে নতুন সরকার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভা আকারে আগের সরকারের তুলনায় ছোট হতে পারে।
দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, বর্তমানে বিদ্যমান ৪৩টি মন্ত্রণালয় পুনর্বিন্যাস করে সংখ্যা ৩০-এর নিচে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন মন্ত্রিসভা গঠনে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটানো হচ্ছে বলে জানা গেছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন অভিজ্ঞ ও কম বিতর্কিত নেতারা। পাশাপাশি তরুণদের মধ্যে থেকে উপমন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে কয়েকজনকে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা চলছে। নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
দলীয় সিনিয়র নেতাদের মধ্যে আলোচনায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মির্জা আব্বাসসহ আরও কয়েকজন।
তরুণ নেতৃত্বের মধ্যে সম্ভাব্য নাম হিসেবে ঘুরে ফিরছে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু ও ইশরাক হোসেন-এর নাম।
মিত্র দলগুলোর মধ্য থেকেও কয়েকজন নেতা মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে আভাস মিলেছে। এদের মধ্যে রয়েছেন আন্দালিভ রহমান পার্থ, জোনায়েদ সাকি ও নুরুল হক নুর।
মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
শপথ অনুষ্ঠানের পরই মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা ও দপ্তর বণ্টন প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তখনই স্পষ্ট হবে নতুন সরকারের চূড়ান্ত কাঠামো।






আপনার মতামত লিখুন