উচ্চকক্ষে বিএনপি-জামায়াত: কে কত আসন পাবে!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯০টি আসনে প্রার্থী দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। দলটির নেতৃত্বাধীন জোটের সম্মিলিত ভোটের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ১ শতাংশে।
অন্যদিকে ২২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী অর্জন করেছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। তাদের নেতৃত্বাধীন জোটের মোট ভোট ৩৮ দশমিক ৫ শতাংশ।
নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গণভোটে ৬৮ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় এখন ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষ গঠন বাধ্যতামূলক হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে বিএনপি তাদের নোট অব ডিসেন্ট অনুযায়ী আসনের ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে অবস্থান নিয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ভোটের হিসাব অনুযায়ী বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস—এই পাঁচ দলের সম্মিলিত ভোট ৮৯ দশমিক ৫৭ শতাংশ। অবশিষ্ট ১০ দশমিক ৪৩ শতাংশের মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৫ দশমিক ৭৯ শতাংশ।
সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পেতে হলে কমপক্ষে ১ শতাংশ ভোট অর্জন করতে হবে। সে হিসেবে স্বতন্ত্র প্রার্থীদের ভোট বাদ দিয়ে অনুপাতিক হিসাব করলে বিএনপি পেতে পারে ৫৬টি আসন, জামায়াত ৩৬টি, এনসিপি ৩টি, ইসলামী আন্দোলন ৩টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন।
বর্তমান সংরক্ষিত আসন বণ্টনের বিধান অনুযায়ী, যেসব দলের ভগ্নাংশ বেশি থাকে, তারা পূর্ণ আসন পেয়ে থাকে। তবে যদি সংসদের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন করা হয়, তাহলে প্রতি তিনটি সাধারণ আসনের বিপরীতে একটি করে উচ্চকক্ষের আসন নির্ধারিত হতে পারে। সেই ক্ষেত্রে তিনটির কম আসন পাওয়া দলগুলো উচ্চকক্ষে প্রতিনিধিত্ব হারাতে পারে।
জুলাই সনদের ৪৮টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৩০টিতে আগেই ঐকমত্য ছিল। গণভোটে প্রথম দুই ভাগের ৮টি প্রস্তাব বাধ্যতামূলক হওয়ায় মোট ৩৮টি প্রস্তাব বাস্তবায়নের দাবি জোরালো হয়েছে। বাকি ১০টি প্রস্তাব দলগুলোর নোট অব ডিসেন্ট অনুযায়ী বাস্তবায়নযোগ্য।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের মাধ্যমেই জনগণ বিভিন্ন দলের আপত্তি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে সাবেক ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার মন্তব্য করেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় ৩৮টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতা তৈরি হয়েছে।
উচ্চকক্ষ গঠন নিয়ে অনুপাতিক বনাম আসনভিত্তিক পদ্ধতির এই বিতর্ক এখন দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে।






আপনার মতামত লিখুন