খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

রাইডো ইলেকট্রিক স্কুটার ও টিভিএস মোটরসাইকেল তৈরি হবে বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
রাইডো ইলেকট্রিক স্কুটার ও টিভিএস মোটরসাইকেল তৈরি হবে বাংলাদেশে

প্রাণ-আরএফএল মোটরসাইকেল ও ইলেকট্রিক স্কুটারের বাজারে প্রবেশ করেছে। প্রতিষ্ঠানটি হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিজস্ব কারখানা গড়ে তুলবে। কারখানায় রাইডো ইলেকট্রিক স্কুটার ও টিভিএস মোটরসাইকেল তৈরি করবে। উৎপাদন ও বিপণনের জন্য আগামী তিন বছরের মধ্যে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে গ্রুপটি। ইতোমধ্যে টিভিএসের সঙ্গে চুক্তি হয়েছে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

এ বিষয়ে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল (আর এন পাল) বলেন, “বর্তমানে মোটরসাইকেল ও বাইসাইকেল তরুণদের কাছে শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি একটি লাইফস্টাইল পণ্যে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সাশ্রয়ী মূল্যে মানসম্মত বাইসাইকেল উৎপাদন ও বিপণনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এখন মোটরসাইকেল এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটারের বাজারে প্রবেশ করেছি।”

তিনি আরও জানান, ভারত, চীন ও ভিয়েতনামের মতো বাংলাদেশের বাজারও ইলেকট্রিক স্কুটারের জন্য সম্ভাবনাময়। ২০২৭ সালের মধ্যে ৫০ হাজার টাকায় উন্নতমানের রাইডো ব্র্যান্ডের স্কুটার গ্রাহকের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

গ্রুপটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খ্যাতনামা ব্র্যান্ড ‌টিভিএস মোটরসাইকেল বাংলাদেশে বিপণনের দায়িত্ব পেয়েছে প্রাণ-আরএফএল। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। চলতি মাসের শেষ দিকে প্রাণ-আরএফএলের মাধ্যমে টিভিএস মোটরসাইকেল বাজারে আসতে পারে। এর আগে দেশে টিভিএস মোটরসাইকেল বিপণনের দায়িত্বে ছিল র‌্যাংগস গ্রুপ।

তারা আরও জানান, শিগগিরই হবিগঞ্জে কারখানা নির্মাণ শুরু হবে। ইতোমধ্যে সেখানে ইলেকট্রিক স্কুটার উৎপাদন শুরু হয়েছে এবং প্রথম ধাপে মাসে ৫০০ ইউনিট তৈরি হচ্ছে। পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে প্রতি মাসে তিন হাজার ইউনিট স্কুটার তৈরি করা হবে। টিভিএস মোটরসাইকেলও দেশেই উৎপাদনের লক্ষ্য নিয়ে এখানে আসছে, যার জন্য ৪০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে।

আরএফএল গ্রুপের বাইক ব্যবসার প্রধান কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, “প্রথম বছর আমরা স্থিতিশীল ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে চাই। ডিলার ও সার্ভিস নেটওয়ার্ক সম্প্রসারণ এবং উন্নত গ্রাহক সেবা আমাদের প্রধান লক্ষ্য। ধাপে ধাপে আমরা নেতৃত্বের দিকে এগিয়ে যেতে চাই।”

প্রাণ-আরএফএল ইলেকট্রিক স্কুটারের বাজার সম্প্রসারণের জন্য চার্জিং স্টেশন স্থাপনায় বিনিয়োগ করছে। জাপানি প্রযুক্তি নির্ভর স্টার্টআপ গ্লাফিট বাংলাদেশ লিমিটেডের সহায়তায় দ্রুত একটি চার্জিং নেটওয়ার্ক তৈরি হবে। এ বিষয় আরএন পাল জানিয়েছেন, দেশেই মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ— যেমন ড্রাইভ চেইন, সিট, হুইল, ব্যাটারি উৎপাদন করা সম্ভব। এতে কম খরচে ভালো মানের মোটরসাইকেল সরবরাহ এবং দীর্ঘমেয়াদী সেবা নিশ্চিত করা যাবে।

প্রাণ-আরএফএল তাদের নিজস্ব ব্র্যান্ডের পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার ‘রাইডো’ সবার কাছে পৌঁছে দিতে চায়। বর্তমানে স্কুটারটির দাম ৫৫ হাজার টাকা হলেও প্রতিষ্ঠানটি তা ৪৫ হাজার টাকায় নামানোর পরিকল্পনা করছে।

প্রাণ-আরএফএল টিভিএস মোটরসাইকেলের ডিলার পয়েন্টগুলো আরও কার্যকর করতে নতুন উদ্যোগ নিচ্ছে জানিয়ে আরএন পাল বলেন, ভালো ব্যবসা করা ডিলারদের সহায়তা দেওয়া হবে, আর ব্যর্থ ডিলারদের বদলানো হতে পারে। নতুন ডিলার নিয়োগেরও সুযোগ থাকবে।

দেশের মোটরসাইকেল বাজারের চিত্র

বর্তমানে দেশে প্রতি বছর প্রায় ৪ থেকে ৫ লাখ মোটরসাইকেল বিক্রি হয়। বাজারমূল্য প্রায় ৭–৮ হাজার কোটি টাকা, বার্ষিক প্রবৃদ্ধি ১৬–১৭ শতাংশ। বর্তমানে রাস্তায় চলমান মোটরসাইকেলের প্রায় ৯৯ শতাংশ দেশেই তৈরি বা সংযোজন করা হয়। ২০১৫ সালে বছরে মোটরসাইকেল বিক্রি দুই লাখের কম ছিল, যা এখন প্রায় ৪ লাখে পৌঁছেছে। ২০২৭ সালের মধ্যে উৎপাদন সক্ষমতা ১০ লাখ ইউনিটে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

দেশে মোটরসাইকেল তৈরির কারখানা অন্তত ৮টি, যার মধ্যে আছে জাপানের ইয়ামাহা, হোন্ডা, সুজুকি এবং ভারতের হিরো, বাজাজ, টিভিএস। কুমিল্লার চৌদ্দগ্রামে রয়্যাল এনফিল্ডের সংযোজন কারখানা রয়েছে। দেশীয় ব্র্যান্ড হিসেবে রানার অটোমোবাইলসও রয়েছে।

মোটরসাইকেল অনেকের আয়ের উৎস। রাইড শেয়ারিংয়ের মাধ্যমে প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে, যার মধ্যে পাঠাওয়ের চালক ও রাইডার ৪ লাখ ৫ হাজার এবং উবারের চালক ও রাইডার ৩ লাখ ৫০ হাজার।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে ৪৮ লাখ ১৬ হাজারের বেশি মোটরসাইকেল নিবন্ধিত আছে।

২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে ৪ লাখ ২৭ হাজার ৮০টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। ২০২৪ সালের একই সময়ে যার পরিমাণ ছিল ৩ লাখ ৪৬ হাজার ৩২টি। প্রবৃদ্ধি হয়েছে ২৪ শতাংশ। এছাড়া, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বিক্রির পরিমাণ ১ লাখ ৭৭ হাজার ৯১৭টি, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ লাখ ৪৭ হাজার ৯০৪টি অর্থাৎ প্রবৃদ্ধি ২১ শতাংশ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি