নির্বাচন ঘিরে ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচল বন্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এর অংশ হিসেবে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও ট্রাক চলাচলের ওপরও ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সশস্ত্র বাহিনী ও অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষকদের ব্যবহৃত যানবাহন। এছাড়া জরুরি সেবায় নিয়োজিত গাড়ি, ওষুধ ও চিকিৎসাসামগ্রী বহনকারী যানবাহন, সংবাদপত্র পরিবহনকারী গাড়ি এবং বিমানবন্দরে যাত্রী আনা-নেওয়ার কাজে ব্যবহৃত যানবাহনও নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং যাত্রীদের স্থানীয় যাতায়াতের কাজে ব্যবহৃত গাড়িও এই বিধিনিষেধের ক্ষেত্রে ছাড় পাবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টরা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে একটি করে ছোট আকৃতির যানবাহন ব্যবহার করতে পারবেন, তবে এজন্য নির্ধারিত স্টিকার প্রদর্শন বাধ্যতামূলক।
এছাড়া নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে সাংবাদিক, পর্যবেক্ষক, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী এবং টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের যানবাহন চলাচল করতে পারবে। গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা এবং আন্তঃজেলা সংযোগ সড়কে বিশেষ প্রয়োজন বিবেচনায় বিধিনিষেধ শিথিল করার ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের যানবাহন চলাচল সংক্রান্ত অতিরিক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে।






আপনার মতামত লিখুন