কতটি ভোটকেন্দ্র ঝুঁকির কবলে: জানালেন আইজিপি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি জানান, সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং প্রায় ১৬ হাজার কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
আইজিপি আরও জানান, এবারের নির্বাচনে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশনের উদ্যোগে ৮০ থেকে ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের পক্ষ থেকে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। প্রয়োজনে জেলা পুলিশ সুপারদের তত্ত্বাবধানে ড্রোন ক্যামেরার মাধ্যমেও পরিস্থিতি নজরদারি করা হবে।
নির্বাচনী নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক জনবল মোতায়েন করা হয়েছে। সারা দেশে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য, ৬ লাখ আনসার সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং প্রায় ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন।
আইজিপি জানান, নির্বাচন উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে থাকবে স্থায়ী নিরাপত্তা বাহিনী, কেন্দ্রের বাইরে টহল দেবে মোবাইল টিম এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে স্ট্রাইকিং ফোর্স।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা এমন একটি নির্বাচন আয়োজন করতে চাই, যা দেশের ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে। এটি হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন। আমাদের প্রস্তুতি কতটা সফল হয়েছে, তার মূল্যায়ন করবেন দেশের জনগণ।”






আপনার মতামত লিখুন