তিনগুণ ভাড়ার অভিযোগ
৫০ কিলোমিটার যানজটে ভোগান্তিতে ঘরমুখো মানুষ
চার দিনের ছুটিতে গাজীপুর মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
৫০ কিলোমিটার যানজট ও তিনগুণ ভাড়ার অভিযোগঃঘরমুখো মানুষের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা চার দিনের ছুটি ঘোষণার পর শিল্পাঞ্চল গাজীপুরে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে কয়েকগুণ। এর ফলে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে স্বাভাবিক ভাড়ার চেয়ে দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখা যায়, টঙ্গী কলেজ গেট থেকে মাওনা চৌরাস্তা এবং ভোগড়া এলাকা থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত যানবাহন প্রায় স্থবির হয়ে আছে। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনকে।
যাত্রীদের অভিযোগ, যেখানে সাধারণত ৫০০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে এখন ১২০০ থেকে ১৫০০ টাকা দাবি করা হচ্ছে। অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও মাওনা এলাকায় কিছু সময় সড়ক অবরোধের ঘটনাও ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বিকেল থেকে গাজীপুরের চার শতাধিক শিল্প-কারখানা ছুটি ঘোষণা করলে সন্ধ্যার পর থেকেই মহাসড়কে মানুষের ভিড় বাড়তে থাকে। উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ হিসেবে পরিচিত চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় রাতভর যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকে রাত কাটিয়েছেন যানবাহনের অপেক্ষায়।
ভোগান্তির কথা জানিয়ে যাত্রী সজিব হোসেন বলেন, ছুটি পেয়ে রাতেই বাড়ির পথে রওনা দিয়েছিলাম, কিন্তু যানজটে আটকে পড়ি। এখন গাড়ি পেলেও ভাড়া চাওয়া হচ্ছে তিনগুণ। পোশাকশ্রমিক আশা বেগম বলেন, ভোট দিতে বাড়ি যাচ্ছি, কিন্তু ন্যায্য ভাড়ায় গাড়ি পাওয়া যাচ্ছে না—সব মিলিয়ে একটা সিন্ডিকেট কাজ করছে।
এদিকে যানজট নিয়ন্ত্রণে চন্দ্রা বাস টার্মিনাল, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাউগাতুল আলম। তিনি বলেন, শিল্প-কারখানার ছুটির কারণে যানজট বেড়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






আপনার মতামত লিখুন