ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: চট্টগ্রামে আমির খসরুর আহ্বান
ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: চট্টগ্রামে আমির খসরুর আহ্বান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এখনো শেষ হয়নি এবং ভোট গণনা শেষে বিজয়ের সংবাদ নিশ্চিত হওয়ার মধ্য দিয়েই এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘী মাঠে চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে আয়োজিত গণমিছিল-পূর্ব জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, দীর্ঘদিনের আন্দোলনে বিএনপির লাখো নেতাকর্মী গুম, খুন, নির্যাতন, মিথ্যা মামলা ও কারাবরণের শিকার হয়েছেন। অনেক পরিবার ঘরছাড়া হয়েছে, কেউ চিকিৎসার অভাবে কারাগারে মৃত্যুবরণ করেছেন। এসব ত্যাগ কোনো ব্যক্তিগত স্বার্থে নয়—এই আন্দোলন ছিল জনগণের মালিকানা, গণতন্ত্র এবং সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি রাতে ভোট গণনা শেষে যখন বিজয়ের ফলাফল দেশবাসীর সামনে আসবে, তখনই হবে জনগণের মুক্তি ও গণতন্ত্রের মুক্তি। সেই সময় থেকেই নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে। তাই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নির্বাচনী কারচুপির আশঙ্কা তুলে ধরে তিনি বলেন, কিছু অদৃশ্য শক্তি ভিন্ন কৌশলে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। ভুয়া ভোট দেওয়ার নানা পরিকল্পনা করা হচ্ছে—এগুলো কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। যেখানে অনিয়মের আশঙ্কা দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আমির খসরু আরও বলেন, বিএনপি কোনো আপসের রাজনীতি করে না। অতীতেও আপস হয়নি, ভবিষ্যতেও হবে না। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বিএনপি বিজয় অর্জন করতে চায়। ভোটাররা যেন নিরাপদে কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন—সেটি নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি আসনের নয়—সারা দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক, নিরাপদ ও জনগণের বাংলাদেশ গড়ার। তিনি দাবি করেন, দেশজুড়ে ধানের শীষের পক্ষে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম-৯ আসনের চিফ কো-অর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।






আপনার মতামত লিখুন