আজ চকলেট ডে: প্রিয়জনকে চকলেট দেওয়ার দিন
চকলেটপ্রেমীদের জন্য চকলেট খাওয়ার আলাদা কোনো অজুহাতের দরকার নেই—ইচ্ছে হলেই প্রিয় স্বাদের একটি চকলেট বার মুখে পুরে নেওয়া যায়। তবু আজ চকলেট নিয়ে বাড়তি আলোচনা হওয়ার কারণ রয়েছে। কারণ ফেব্রুয়ারি মাসের ভালোবাসার সপ্তাহে আজ পালিত হচ্ছে ‘চকলেট ডে’।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভ্যালেন্টাইনস উইকের অন্যতম বিশেষ দিন হিসেবে উদযাপিত হচ্ছে চকলেট ডে। এই দিনে প্রিয় মানুষকে চকলেট উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করেন অনেকেই। ভালোবাসা দিবসকে ঘিরে টানা সাত দিনের আয়োজনের মধ্যে চকলেট ডে আলাদা গুরুত্ব বহন করে।
চকলেটের প্রতি মানুষের ভালোবাসা শুধু ভ্যালেন্টাইনস সপ্তাহেই সীমাবদ্ধ নয়। প্রতি বছর ৭ জুলাই বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব চকলেট দিবস’। চকলেট কীভাবে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠল—তা নিয়ে নানা মত থাকলেও ইতিহাস বলছে, ইউরোপে প্রবেশের পরই এর বিস্তার দ্রুত ঘটে। ধারণা করা হয়, ১৫৫০ সালের দিকে প্রথম ইউরোপে চকলেটের আগমন ঘটে। সেই স্মৃতিকে সামনে রেখেই ২০০৯ সাল থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব চকলেট দিবস পালনের প্রচলন শুরু হয়।
চকলেটের ইতিহাস প্রায় দুই হাজার বছরেরও বেশি পুরোনো। শুরুর দিকে কোকোবীজ থেকে তৈরি হতো তেতো স্বাদের এক ধরনের পানীয়, যা তখনকার সমাজে বেশ জনপ্রিয় ছিল। মায়ান ও আজটেক সভ্যতায় কোকোবীজের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব ছিল এবং অনেক অঞ্চলে এটি মুদ্রা হিসেবেও ব্যবহৃত হতো।
পরবর্তী সময়ে স্প্যানিশদের মাধ্যমে চকলেট মিষ্টি খাবার হিসেবে পরিচিতি পায়। তারা কোকোর সঙ্গে মধু ও চিনি মিশিয়ে স্বাদ বাড়ানোর উদ্যোগ নেয়। এরপর ইউরোপে চকলেট ধীরে ধীরে অভিজাত শ্রেণির বিলাসী খাবারে পরিণত হয়, যা একসময় সম্পদ ও ক্ষমতার প্রতীক হিসেবে বিবেচিত ছিল।
উনিশ শতকে কোকো প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির উন্নতির ফলে চকলেট সাধারণ মানুষের নাগালের মধ্যে আসে। ১৮৪৮ সালে বাজারে আসে প্রথম শক্ত চকলেট বার। এরপর নানা স্বাদ, আকার ও রূপে চকলেট বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে।
আজ চকলেট ডে। এই দিনে প্রিয় মানুষকে চকলেট উপহার দিয়ে ভালোবাসার মুহূর্তগুলো আরও মিষ্টি করে তুলতেই পারেন। তাহলে, প্রিয়জনের জন্য চকলেট প্রস্তুত তো?






আপনার মতামত লিখুন