পোস্টাল ভোট গণনায় থাকতে পারবেন প্রার্থী ও গণমাধ্যমকর্মীরা
পোস্টাল ভোট গণনা সংক্রান্ত স্পষ্ট ও বিস্তারিত নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ ভোটকেন্দ্রের মতোই পোস্টাল ভোট গণনার সময় প্রার্থী, তাদের নির্বাচনি ও পোলিং এজেন্ট, গণমাধ্যমকর্মী এবং নির্বাচনি পর্যবেক্ষকরা উপস্থিত থাকতে পারবেন।
নির্বাচন কমিশন জানায়, গণনার স্থান নির্ধারণে রিটার্নিং অফিসারকে স্থান সংকুলানের বিষয়টি বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে প্রার্থী বা তার প্রতিনিধিকে আগেই চিঠির মাধ্যমে গণনার তারিখ, সময় ও স্থান জানিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতে হবে।
ইসির নির্দেশনা অনুযায়ী, পোস্টাল ব্যালট গণনার জন্য রিটার্নিং অফিসারের কার্যালয় অথবা অন্য কোনো উপযুক্ত স্থানে আসনভিত্তিক গণনা কক্ষ প্রস্তুত করতে হবে। ভোটের সংখ্যা অনুযায়ী গণনার স্থান নির্ধারণ করা হবে।
রিটার্নিং অফিসারের নির্দেশ অনুসারে প্রিসাইডিং অফিসার, সহকারী কর্মকর্তা ও পোলিং অফিসাররা নির্ধারিত গণনা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। গণনা শুরুর অন্তত এক ঘণ্টা আগে প্রিসাইডিং অফিসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
গণনার সময় সংশ্লিষ্ট আসনের প্রিসাইডিং অফিসার পোস্টাল ব্যালটের সংখ্যা ও বিস্তারিত তথ্য উপস্থিত প্রার্থী, এজেন্ট, গণমাধ্যম ও পর্যবেক্ষকদের জানাবেন। এরপর সংরক্ষিত সব ব্যালট বাক্স খোলা হবে।
প্রথমে ফেরত আসা খামগুলো একত্র করে একটি একটি করে খোলা হবে। প্রতিটি খামের ভেতরে থাকা পোস্টাল ব্যালটের খাম ও ঘোষণাপত্র (ফরম-৮) পরীক্ষা করা হবে। ঘোষণাপত্রে ভোটারের সই সঠিক থাকলে সেটি আলাদা করে রাখা হবে এবং সংশ্লিষ্ট ব্যালটের খাম বন্ধ অবস্থায় সংরক্ষণ করা হবে।
ইসি জানিয়েছে, শুধুমাত্র সঠিকভাবে স্বাক্ষরিত ঘোষণাপত্রের সঙ্গে থাকা ব্যালটই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গণনায় অন্তর্ভুক্ত হবে। সব যাচাইকৃত ব্যালট একত্র করে নির্ধারিত নিয়মে গণনা সম্পন্ন করা হবে।






আপনার মতামত লিখুন