মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফার মৃত্যু
মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের কিশোর হুজাইফা আফনান (১২) আর বেঁচে নেই। টানা ২৭ দিন জীবন-মৃত্যুর লড়াই শেষে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে সকাল ৯টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুটির চাচা শওকত আলী।
তিনি জানান, হুজাইফার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি তিনি ভাতিজির আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত ১১ জানুয়ারি সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার সীমান্তের দিক থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা আফনান। সে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান।
ঘটনার পর প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওই দিন সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। পরবর্তীতে মাথায় বিদ্ধ গুলিটি অপসারণ করা সম্ভব না হওয়ায় ১৩ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ সে সময় জানান, অস্ত্রোপচার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় মস্তিষ্কে ঢুকে পড়া গুলিটি বের করা যায়নি। তবে মস্তিষ্কের চাপ কমাতে প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রাখা হয়েছিল।
হুজাইফার মৃত্যুর খবরে টেকনাফের হোয়াইক্যং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মধ্যে গভীর বেদনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।






আপনার মতামত লিখুন