ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন
ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন নাগরিকরা। এই সময়ে রাজধানীর যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে মেট্রোরেল পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ছুটির দিনগুলোতে মেট্রো ট্রেন স্বাভাবিক সময়সূচিতেই চলবে। এছাড়া ভোটের দিন যাত্রী চাপ বিবেচনায় অতিরিক্ত ট্রেন চালানোর ব্যবস্থাও রাখা হয়েছে।
ডিএমটিসিএল সূত্র জানায়, নির্বাচন উপলক্ষ্যে ঘোষিত ছুটির দিনগুলোতেও কর্মদিবসের মতোই মেট্রোরেল পরিচালিত হবে। তবে নিরাপত্তা বিবেচনায় যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে সন্নিকটে অবস্থিত, সেসব গেট সাময়িকভাবে বন্ধ রাখা হবে। অন্যান্য গেট দিয়ে যাত্রী ওঠানামা স্বাভাবিক থাকবে।
এদিকে নির্বাচনকালীন সময়ে মেট্রোরেল পরিচালনা নিরবচ্ছিন্ন রাখতে ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা কার্যক্রম ও সংশ্লিষ্ট সব বিভাগে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি (জরুরি ক্ষেত্র ব্যতীত) স্থগিত থাকবে।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।
এছাড়া মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। তবে জরুরি সেবা ও নির্বাচনসংক্রান্ত কাজে কিছু ক্ষেত্রে শিথিলতা থাকবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হবে আগামী ১০ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।






আপনার মতামত লিখুন