৭১ আমাদের অস্তিত্বের ভিত্তি, এটাকে পেছনে ফেলার সুযোগ নেই: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই বাংলাদেশের অস্তিত্বের মূল ভিত্তি। এই যুদ্ধ আমাদের একটি স্বাধীন দেশ, ভূখণ্ড ও ভবিষ্যতের পথ দেখিয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দুঃখজনকভাবে একটি গোষ্ঠী ১৯৭১ সালের ইতিহাসকে আড়াল করতে চায়। অথচ এই মুক্তিযুদ্ধই আমাদের পরিচয় ও শক্তির উৎস। হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাই একসঙ্গে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। অনেক পরিবার তখন ঘরবাড়ি হারিয়েছে, ব্যবসা লুট হয়েছে। স্বাধীনতার পর ফিরে এসে আমরা শূন্য হাতে জীবন শুরু করেছি, ধীরে ধীরে আবার ঘুরে দাঁড়িয়েছি।
তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের পর বাড়িতে ফিরে শুধু ভিটেমাটি ছাড়া আর কিছুই ছিল না। বাবার ব্যবসাও লুট হয়ে গিয়েছিল। তবে সংগ্রাম করেই আমরা সবকিছু নতুন করে গড়ে তুলেছি।
বিএনপির শুরুর দিনের কথা স্মরণ করে তিনি বলেন, এক সময় এই এলাকায় বিএনপির তেমন কোনো ভিত্তি ছিল না, সর্বত্র জাতীয় পার্টির প্রভাব ছিল। ছাত্রদের নিয়ে কাজ শুরু করার মাধ্যমে ধীরে ধীরে বিএনপিকে সংগঠিত করা হয়েছে। বর্তমানে বিএনপি এখানে শক্ত অবস্থানে রয়েছে।
গণতন্ত্র ও উন্নয়নের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বিএনপি সব সময় গণতন্ত্র, অর্থনীতি ও দেশের অগ্রগতির পক্ষে কাজ করেছে। নির্যাতন, কারাবরণ ও হামলার শিকার হলেও দল কখনো মাথা নত করেনি। গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপসহীন থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।






আপনার মতামত লিখুন