বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নাহিদের রিট শুনানি আজ
দ্বৈত নাগরিকত্ব এবং নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে দায়ের করা রিটের শুনানি আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে পারে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রিটকারী পক্ষের আইনজীবী জহিরুল ইসলাম মূসা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রিটটি হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। কার্যতালিকার ৮২ নম্বর ক্রমিকে থাকা আবেদনে এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে।
আইনজীবী জহিরুল ইসলাম মূসা বলেন, অভিযোগ অনুযায়ী বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিক। তবে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিলের সময় তিনি এই তথ্য হলফনামায় উল্লেখ করেননি, যা পরে প্রকাশ্যে আসে।
তিনি আরও জানান, দেশের সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য অযোগ্য। সেই সাংবিধানিক বিধান এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগের ভিত্তিতেই এই রিট দায়ের করা হয়েছে। শিগগিরই বিষয়টি আদালতের শুনানিতে বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, ঢাকা-১১ সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান এলাকার ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।






আপনার মতামত লিখুন