ময়মনসিংহে জামায়াতের নির্বাচনী জনসভায় জনসমুদ্র
ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভা ঘিরে ব্যাপক জনসমাগম দেখা গেছে। দলের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় জমাতে থাকেন নেতাকর্মী ও সমর্থকরা। ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে জনসভার মাঠ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে মানুষজন সমাবেশস্থলে আসতে শুরু করেন। এতে করে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
জেলার প্রতিটি উপজেলা ও থানা এলাকা থেকে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় অংশ নিতে এসেছেন। প্রধান অতিথির আগমনের আগেই মাঠ পূর্ণ হয়ে গেছে। সবাই অধীর আগ্রহে কেন্দ্রীয় আমিরের বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন।
এদিকে ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুল বলেন, জনসভা যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। জনসভার কারণে নগরবাসীর সাময়িক ভোগান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধও জানান তিনি।
ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম জানান, অল্প সময়ের মধ্যেই দলের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে পৌঁছাবেন। তিনি আরও বলেন, জনসভায় এনসিপি, খেলাফতে মজলিস ও বাংলাদেশ খেলাফতসহ মোট ১১টি জোটভুক্ত দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, জনসভা ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাব মাঠে দায়িত্ব পালন করছে। যানজট এড়াতে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সক্রিয়ভাবে কাজ করছে। শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠানের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






আপনার মতামত লিখুন