একদিনেই দ্বিতীয় দফায় কমল সোনার দাম
সোনার বাজারে অস্থিরতা এখনও থামেনি। আন্তর্জাতিক বাজারের বড় ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ছে সরাসরি। এমন বাস্তবতায় সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে দাম কমানোর পর বিকেলেও আবার সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দামে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার ভরির দাম নেমে এসেছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকায়।
সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বাজুস প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত নতুন দর তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দর কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
দুবার দাম কমানোর কারণ ব্যাখ্যা করে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, রোববার আন্তর্জাতিক বাজার বন্ধ থাকলেও দেশের বাজার খোলা ছিল এবং চাহিদা কম থাকায় রাতেই দাম কিছুটা কমানো হয়। পরে সোমবার আন্তর্জাতিক বাজার চালু হওয়ার পর প্রতি আউন্সে প্রায় ২০০ ডলার দরপতন ঘটে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে বৈঠকের মাধ্যমে আবারও দাম সমন্বয় করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে সোমবার বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে। গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে ৪ হাজার ৭৬৫ ডলারে, যা শনিবার ছিল ৪ হাজার ৮৯৩ ডলার। এর আগের দিনগুলোতে দর আরও বেশি ছিল—শুক্রবার ৫ হাজার ২০০ ডলার এবং বৃহস্পতিবার ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল।
দেশের বাজারে নতুন দামে ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেট সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।
একই সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৩৫৬ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।






আপনার মতামত লিখুন