ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ভারতকে পরাজিত করেছে বাংলাদেশ। সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলের জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে লাল-সবুজের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভারতকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ৩০ মিনিটে অর্পিতা বিশ্বাস গোল করে দলকে এগিয়ে দেন। সেই গোলের ধারাবাহিকতায় ৪০ মিনিটে আলপি আক্তার ব্যবধান দ্বিগুণ করেন।
প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে দুই গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
এই টুর্নামেন্টে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটান অংশগ্রহণ করছে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলছে। তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।
দুটি ম্যাচ শেষে বাংলাদেশ ৬ পয়েন্ট ও বড় গোল ব্যবধান নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। ভারত এক ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। নেপাল ও ভুটান এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।






আপনার মতামত লিখুন