ভোটের পরিবেশ নিয়ে ইসিতে পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জামায়াতের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের পরিবেশ, আচরণবিধি ও মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) পৃথকভাবে অভিযোগ ও দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামি। রোববার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আলাদা বৈঠকে দুই দল তাদের অবস্থান তুলে ধরে।
সকালে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, নির্বাচনের আগে কিছু এলাকায় ‘শান্তিশৃঙ্খলা রক্ষার’ নামে শান্তি কমিটি গঠনের আলোচনা শোনা যাচ্ছে, যা উদ্বেগজনক। পাশাপাশি ধর্ম ব্যবহার করে প্রচারণা, গত এক-দেড় বছরে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তারা উত্থাপন করেন।
তিনি বলেন, ভোটের কাজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদস্যদের যুক্ত করার বিষয়ে যে আলোচনা চলছে, সেটি সমীচীন নয়। ছাত্রদের সংসদ নির্বাচনের মতো জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত না করার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন যুক্তিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।
বিএনপির পক্ষ থেকে আরও দাবি করা হয়, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে বহিরাগত রাজনৈতিক কর্মীদের নির্বাচনি এলাকা ত্যাগ নিশ্চিত করা এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার সংখ্যা ও সক্ষমতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় বিচারিক অনুসন্ধান কমিটির ভূমিকা আরও দৃশ্যমান করার দাবি জানানো হয়।
এরপর বিকেলে জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। জামায়াতের অভিযোগ, মাঠপর্যায়ে এখনও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি এবং সাম্প্রতিক সহিংসতা ও হত্যাকাণ্ড শান্তিপূর্ণ নির্বাচনের বড় অন্তরায়।
বৈঠক শেষে বিএনপির আনা অভিযোগ প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও অতিরঞ্জিত। তিনি দাবি করেন, জনগণের ব্যাপক সমর্থনে ভীত হয়েই একটি দল এ ধরনের বক্তব্য দিচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
জামায়াতের নারী উইংয়ের প্রধান হাবিবা চৌধুরী বলেন, দেশের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী হলেও দীর্ঘদিন ধরে তারা নানা কারণে ভোটাধিকার প্রয়োগে বাধার মুখে পড়ছেন। তিনি অভিযোগ করেন, নারীদের ভয়ভীতি দেখিয়ে ভোট থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে এবং এ বিষয়ে কয়েকটি ঘটনার তথ্য নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।
এদিকে একই দিন নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করে নির্বাচন পর্যবেক্ষকদের সংগঠন ইলেকশন অবজারভার সোসাইটি (ইওএস)। মাঠপর্যায়ে যাতায়াত-খাবার ভাতা, পর্যাপ্ত নিরাপত্তা ও অনলাইন আবেদন প্রক্রিয়া সহজ করার দাবিতে তারা সিইসি বরাবর স্মারকলিপি দেন।
অন্যদিকে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট দেশে আসতে শুরু করেছে। সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত দেড় লক্ষাধিক পূরণকৃত পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। দেশ ও প্রবাস মিলিয়ে লাখো ভোটার ইতোমধ্যে পোস্টাল ভোটিং প্রক্রিয়ায় অংশ নিয়েছেন বলে জানানো হয়েছে।






আপনার মতামত লিখুন