ভোলায় নির্বাচনী প্রচারণা ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ: আহত ১৫
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমিরসহ ১০ জন এবং বিএনপির ৫ জন কর্মী আহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়ি এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে কয়েকজনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় জামায়াতের দু’জনকে ভোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত জামায়াত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন টবগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হালিমসহ ফয়জুল্লাহ, ইমন, শাহেল আলম, রাইহান, শামীম, রাতুল ও তানজিল। বিএনপির আহতদের মধ্যে আয়ুব আলী, শিমু বেগম, বাবু, শামিম ও উজ্জলা বিবির নাম জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোলা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন জামায়াতের ২০-৩০ জন নেতাকর্মী। এ সময় তারা বিএনপি কর্মী আয়ুব আলীর বাড়ির সামনে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।
বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান অভিযোগ করে বলেন, পূর্বপরিকল্পিতভাবে বিএনপি কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী মো. আজম বলেন, জামায়াতের কর্মীরাই প্রথম হামলা চালিয়েছে এবং বিএনপির কর্মীদের বাড়িঘরে ভাঙচুর করেছে। তারাও আইনি পদক্ষেপ নেবেন বলে জানান।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।য






আপনার মতামত লিখুন