নির্বাচনে মারণাস্ত্র নয়, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে বিজিবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে স্থাপিত অস্থায়ী বেস ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে কর্নেল আবুল এহসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিজিবি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সেই লক্ষ্যেই এই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।
তিনি জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তবর্তী ৬১টি উপজেলায় এককভাবে নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকবে বাহিনীটি।
ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে দেশের সব ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানান তিনি। পরিস্থিতি অনুযায়ী প্রতিটি উপজেলায় ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (আরএটি), হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে বলেও জানান কর্নেল আবুল এহসান। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কে-৯ ডগ স্কোয়াডও মাঠে থাকবে।
নির্বাচনকে ঘিরে কোনো শঙ্কা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা কোনো ধরনের বড় শঙ্কা দেখছি না। বিজিবির মহাপরিচালকের স্পষ্ট নির্দেশ রয়েছে—নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কোনো অবস্থাতেই লেথাল ওয়েপন ব্যবহার করা হবে না।”
হটলাইন সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি জানান, বিজিবির প্রতিটি বেস ক্যাম্পের মোবাইল নম্বর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে সরবরাহ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তারা সরাসরি বিজিবির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি নির্বাচন কমিশনের সুরক্ষা অ্যাপের মাধ্যমেও পরিস্থিতি জানানো যাবে।






আপনার মতামত লিখুন